তারেকের পিএস অপুর জামিন বিষয়ে শুনানি দুপুরে
দুদকের করা একটি মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন ওরফে অপুর জামিন বিষয়ে শুনানি আজ সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়ের আদালতে এ শুনানি হবে।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ ভ্যানে করে অপুকে আদালতের হাজতখানায় আনা হয়েছে।
অপু প্রায় এক মাস আগে গোপনে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করলেও বিষয়টি প্রকাশ পায়নি। তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালের চিকিত্সা সনদ আদালতে দাখিল করে সে সুবাদে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে ছিলেন।
২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর অপু আত্মগোপনে চলে যান। এর পর থেকে তিনি মূলত মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।
গত ১২ জুন তারেক রহমান মালয়েশিয়া সফরে গেলে তাঁকে কুয়ালালামপুর বিমানবন্দরে অভ্যর্থনা জানান মিয়া নুর উদ্দিন অপু। তারেক রহমান ১৩ জুন মালয়েশিয়া থেকে লন্ডনে ফিরে যান। এর চার দিন পর ১৭ জুন ঢাকায় ফেরেন তিনি।
আরও জানতে পড়ুন:
তারেকের পিএস অপু গোপনে দেশে ফিরে কারাগারে