তারেকের পিএস অপুর জামিন স্থগিত
চাঁদাবাজির অভিযোগে করা এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন অপুর জামিন মঞ্জুর করে দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. ইমান আলী। আজ মঙ্গলবার আদালত জামিনের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেন।
গতকাল সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ অপুর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপুর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন।
আইনজীবী সূত্র জানায়, এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় ২০০৭ সালের ৮ মার্চ ব্যবসায়ী আমিন আহমেদ ওই মামলা করেন। ওই বছরের ১৭ মার্চ অপুসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তখন অপু পলাতক ছিলেন। পরে তিনি দেশে ফিরে চলতি বছরের ১৮ জুন নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। তিনি এই মামলায় জামিনের আবেদন করলে ওইদিন আদালত তা খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় ১৩ আগস্ট জামিন আবেদন করা হয়।