তারেকের পিএসের মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন ওরফে অপুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এতে এ-সংক্রান্ত মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর থেকে অপু পলাতক ছিলেন। এর পর থেকে তিনি মূলত মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। মাস খানেক আগে তিনি গোপনে দেশে ফেরেন। ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করেন। এর পর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
আদালতে নথিপত্রে দেখা যায়, অপু ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে করা দুটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। একটি রাজধানীর গুলশান থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা। অপরটি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলেকে সাব্বির হত্যা মামলা থেকে বাঁচাতে ঘুষ-লেনদেনের অভিযোগে দুদকের করা মামলা।