তারেকের বক্তব্যে সরকারের ভিত নড়ে উঠেছে: শামসুজ্জামান
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দাবি করেছেন, তারেক রহমানের এক বক্তব্যেই সরকারের ভিত নড়ে উঠেছে। গতকাল বুধবার সকালে হরতাল চলাকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ ব্রিফিংয়ে শামসুজ্জামান এ দাবি করেন। তারেক রহমানের মুক্তির দাবি জানিয়ে শামসুজ্জামান বলেন, তাঁরা প্রত্যাশা করছেন, সরকার তারেক রহমানের দেশে ফেরার পরিস্থিতি তৈরি করবে। শামসুজ্জামান অভিযোগ করেন, ১০ বছর ধরে আওয়ামী লীগ তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। কখনো তাঁকে আইন দিয়ে, কখনো গণমাধ্যম দিয়ে, আবার কখনো তাঁর বিরুদ্ধে প্রচারণায় বুদ্ধিজীবীদের ব্যবহার করা হয়েছে। তবে এসবের ফল শূন্য। প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হয়েছিল। এই মিথ্যা মামলার বিরুদ্ধে ভাসানীর নেতৃত্বে তীব্র প্রতিবাদ গড়ে উঠেছিল। পাকিস্তানি শাসকগোষ্ঠী ওসব মামলা প্রত্যাহারে বাধ্য হয়েছিল। যুগে যুগে দেশপ্রেমিকদের ক্ষেত্রে এ ধরনের বাধা এসেছে বলে তিনি মন্তব্য করেন। এদিকে গতকাল বিকেলে হরতাল সমাপনী সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা অভিযোগ করেন, সরকার তাদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি নাকি এসি রুমে (শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ) বসে সমালোচনা করে। সভা-সমাবেশ করতে দিলে রাজপথে দাঁড়িয়ে বিএনপি সরকারের সমালোচনা করবে। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘ঘর বন্ধ করবেন না। বাঁধ দেবেন না। যেকোনো সময় বাঁধ ভেঙে যেতে পারে।’