তারেকের বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেন মামলায় আরও একজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল-মামুনের বিরুদ্ধে বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে করা মামলায় গতকাল বৃহস্পতিবার আরও একজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল সাক্ষ্য দেন গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন পরিদর্শক ও বর্তমানে ময়মনসিংহের ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীমুজ্জামান।এ নিয়ে এ মামলায় পাঁচজন সাক্ষ্য দিলেন। গতকাল আসামি গিয়াস উদ্দিন আল-মামুনের পক্ষে সাক্ষীকে জেরা করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। জেরা শেষ না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন ১৯ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেন।তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল-মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে মামুন ঘুষ নেন। ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত বিভিন্ন সময়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নিয়ে তা বিদেশে পাচার করেন। গত বছরের ২ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।