তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তাঁর বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারসংক্রান্ত মামলার অভিযোগ গঠনের শুনানি ১৯ মে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহিরুল হক গতকাল বৃহস্পতিবার মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ তারিখ ধার্য করেন। এর আগে আট দফায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি পেছানো হয়। গতকাল তারেক রহমানের পক্ষে আইনজীবী রফিক-উল হক আদালতকে বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৯ সালে মানি লন্ডারিং আইনে এ মামলা করে। মামলার বৈধতা নিয়ে আবেদন করা হলে আপিল বিভাগ ২০০২ সালের আইনে মামলা চলবে বলে মতামত দেন। কিন্তু ২০০২ সালের আইন অনুযায়ী দুদক মামলা করতে পারে না। তিনি আদালতকে বলেন, ওই অপরাধের জন্য বাংলাদেশ ব্যাংক অথবা তার প্রতিনিধি মামলা করতে পারে। তাই দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণের সুযোগ নেই। তা ছাড়া এ মামলা চলবে কি না, তা আপিল বিভাগে নিষ্পত্তি হয়নি। এ কারণে মামলাটি মুলতবি রাখা প্রয়োজন।রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর বিরোধিতা করে আদালতকে বলেন, আপিল বিভাগ আদেশে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, মামলাটি ২০০৯ সালের আইনে হবে না। তবে ২০০২ সালের মানি লন্ডারিং আইনে চলতে বাধা নেই। তাই অভিযোগপত্র গ্রহণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হোক। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর আদালত ১৯ মে আসামিদের হাজির ও অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য দিন ধার্য করেন। জানা যায়, দুদক ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থ পাচারের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে। দুদক তদন্ত করে গত বছরের ৬ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তারেক রহমান বর্তমানে বিদেশে আছেন। মামুনকে গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়।