মুদ্রা পাচার আইন, ২০০৯ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আইনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা অর্থ পাচারের মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি রুল জারি করা হয়েছে। গতকাল রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তারেক রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন।জানা গেছে, গত বছরের ২৬ অক্টোবর সেনানিবাস থানায় ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা পাচারের অভিযোগে মুদ্রা পাচার আইন, ২০০৯-এর অধীনে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম মামলা করেন। গত ৫ জুলাই তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।