তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও ইতিহাস বিকৃতির অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির এই পরোয়ানা জারি করেন।
এই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার জুয়েল রানা গত ১৫ সেপ্টেম্বর এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আজ তদন্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির ধার্য দিনে আদালত শুনানি শেষে তদন্ত প্রতিবেদন গ্রহণ করে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২৯ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনে এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ হিসেবে উল্লেখ করেন।
এরপর তারেক রহমানের বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে অপপ্রচার চালানোর অভিযোগে আদালতে নালিশি মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক। আদালত ঘটনা তদন্ত করে পুলিশকে এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন। তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার জুয়েল রানা ঘটনার সত্যতা পেয়েছেন উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
২০১৪ সালের ১১ নভেম্বর তারেক রহমান পূর্ব লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করেন ও ‘মানহানিকর’ বক্তব্য দেন-এমন অভিযোগে করা একটি মামলার তদন্ত করছে পল্টন থানার পুলিশ। এর আগে একই অভিযোগে বরিশাল, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে করা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।