জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার আদেশটি দেন।
দুদকের এই মামলায় গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে ৩০ জানুয়ারি তারিখ ধার্য করেন। তারেক রহমান হাজির না থাকায় আদালত তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার অপর দুই আসামি সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। মামলাটির ছয় আসামির মধ্যে অপর দুজন হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান।
দুদকের জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায়ও গতকাল খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। রাজধানীতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আধা বেলা হরতাল থাকায় নিরাপত্তা ও অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি জানিয়ে সময়ের আবেদন করেন আইনজীবীরা। আদালত এই মামলায় ২ ফেব্রুয়ারি আত্মপক্ষ সমর্থনে তাঁর বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করেন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, আগামী তারিখে খালেদা জিয়াকে হাজির থাকতে বলেছেন আদালত।
বিক্ষোভ কর্মসূচি দিয়েছে যুবদল ও ছাত্রদল
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে যুবদল ও ছাত্রদল। গতকাল যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটি আজ সারা দেশে থানায় থানায়, শনিবার জেলায় জেলায় এবং রোববার ঢাকা মহানগরসহ বিভাগীয় শহরগুলোয় বিক্ষোভ করবে। ছাত্রদল বিজ্ঞপ্তিতে শনিবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।