অর্থ পাচারের অভিযোগে করা মামলায় খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের আইনজীবী মোশারফ হোসেন আদালতে এ আবেদন করেন। আদালত গতকাল এ বিষয়ে কোনো আদেশ দেননি।গতকাল এ মামলায় অভিযোগ গঠনবিষয়ক শুনানি ও আসামির উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবী শুনানির জন্য সময়ের আবেদন করেন। ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেন ৩ জুলাই। দুদকের আইনজীবী মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, এই মামলার দুই আসামি তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের আদালতে উপস্থিতির দিন ধার্য ছিল। কিন্তু তারেক রহমানের অবস্থান সম্পর্কে আসামি পক্ষের আইনজীবী আদালতকে অবহিত করেননি। তাঁর পক্ষে কোনো পদক্ষেপও নেওয়া হয়নি। এমনকি এ মামলায় তারেক রহমান জামিনও নেননি। তাই তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।আসামি পক্ষের আইনজীবী মাহবুব উদ্দিন ও তাহেরুল ইসলাম আদালতকে বলেন, গত ৫ মে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক অভিযোগপত্র আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৩-এ পাঠিয়ে দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে করা রিট আবেদন শুনানির অপেক্ষায় আছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখা প্রয়োজন।মামলার অন্য আসামি গিয়াসউদ্দিন আল মামুনকে গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষেও সময়ের আবেদন করা হয়। ২০ কোটি ৪১ লাখ টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচারের অভিযোগে ২০০৯ সালের ২৬ অক্টোবর দুদক এ মামলা করে।