তারেকের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়নি
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। আগামী ১৯ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে পল্টন থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে এ আদেশ দেন।
গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। গতকাল পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। পল্টন থানা-পুলিশ তা দাখিল না করায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
তারেক রহমান গত বছরের ২৯ সেপ্টেম্বর লন্ডনের এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাক বন্ধু’ এবং তিনি স্বাধীনতার ঘোষণা করেননি বলে মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতে তারেক রহমানের বিরুদ্ধে ২৭ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে নালিশি মামলা করা হয়।