তারেকের বিরুদ্ধে পরোয়ানা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আক্রোশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আক্রোশের কারণে ২১ আগস্ট গ্রেনেড হামলা-মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। তিনি বলেন, এই গ্রেপ্তারি পরোয়ানা জারি সম্পূর্ণ বেআইনি। এই মামলায় যথাযথভাবে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।মির্জা ফখরুল গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, এই গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে। ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ইদানীং অশালীন কথা বলছেন। প্রধানমন্ত্রীর উচিত এসব অশালীন বক্তব্য প্রত্যাহার করা। তিনি বলেন, ‘আমরাও অশালীন কথা বলতে পারি, কিন্তু বলি না।’বিএনপি সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনী ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার প্রতিবাদে এখন সব বিরোধী দল কথা বলছে, সংগঠিত হচ্ছে। এমন একটা সময়ে এ দেশের সম্ভাবনাময় রাজনৈতিক নেতা তারেক রহমানকে হেয় করতে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।মির্জা ফখরুল বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও পুলিশের সাবেক কর্মকতাকে জড়ানো হয়েছে দেশের নিরাপত্তাব্যবস্থা দুর্বল করতে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার সারা দেশে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিচ্ছে।ছাত্রদলের মিছিল: ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।