তারেকের বিরুদ্ধে মামলা, সমন জারি
বঙ্গবন্ধুকে কটাক্ষ ও বিদ্রূপ করে বক্তব্য দিয়ে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মেহেরপুরে মামলা হয়েছে। আজ সোমবার জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হামিক আবদুল্লাহ আল মামুন মামলার অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারিসহ সশরীরে হাজির হওয়ার আদেশ দেন।
মামলায় বাদী অভিযোগ করেন, আসামি তারেক রহমান সম্প্রতি লন্ডনে একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে উদ্দেশ্যমূলকভাবে রাজাকার ও পাকবন্ধু বলেছেন। বলেছেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের কোনো অবদান নেই। ১৭ ডিসেম্বর যা দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে। আসামির এই বক্তব্য বাদীসহ সমগ্র জাতিকে মানসিকভাবে আঘাত করে মানসম্মানের অপূরণীয় ক্ষতি করেছে, জাতিকে সামাজিকভাবে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে। এটা দণ্ডবিধির ৫০০/৫০৪ ও ৫০১ (খ, গ) ধারায় আমলযোগ্য অপরাধ।