তারেকের বিরুদ্ধে মামলার পরামর্শ সুরঞ্জিতের
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহমূলক’ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি তারেকের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রাষ্ট্রদ্রোহ মামলা করার পরামর্শ দিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আইন ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আইন মন্ত্রণালয়কে নয়, আমি বলব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তারেক রহমান ও তাঁর বক্তব্য যাঁরা সমর্থন করেছেন, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে। যদি ফৌজদারি কার্যবিধিতে (ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট) কাজ না হয়, তাহলে আইন মন্ত্রণালয় অধ্যাদেশ জারি করে এ মামলার নিষ্পত্তি করতে পারে।’
সুরঞ্জিত বলেন, সংবিধানে ইতিহাস বিকৃতির সুযোগ নেই। কেউ বিকৃত করলে সেটা হবে রাষ্ট্রদ্রোহের শামিল। এর শাস্তি হবে সর্বোচ্চ।