অর্থ আত্মসাতের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা হলে বগুড়ার গাবতলী উপজেলায় অনির্দিষ্টকালের হরতাল-অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি।
আজ শনিবার বিকেলে উপজেলা বিএনপির এক সমাবেশ এই ঘোষণা দেন পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিলটন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক ও দলের সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন। ১৮-দলীয় জোটের উদ্যোগে এই সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর গাবতলী উপজেলার আমির মাকসুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বী মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
জানতে চাইলে গাবতলীর পৌর মেয়র মোরশেদ মিলটন প্রথম আলো ডটকমকে বলেন, ‘তারেক রহমানকে গাবতলী উপজেলাবাসী এই আসনের প্রার্থী হিসেবে দেখতে চায়। অথচ তারেক রহমান যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, এ কারণে সরকার কথিত মামলায় সাজার মাধ্যমে তাদের নীলনকশা বাস্তবায়ন করতে চাচ্ছে। গাবতলী উপজেলাবাসী তা মেনে নেবে না। তারেক রহমানের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক সাজার রায় ঘোষণার সঙ্গে সঙ্গে অনির্দিষ্টকালের হরতাল পালনের মাধ্যমে গাবতলী অচল করে দেওয়া হবে।’
এদিকে তারেক রহমানের রায়কে কেন্দ্র করে বগুড়ায় উদ্বেগ ও উত্কণ্ঠা বিরাজ করছে। যেকোনো ধরনের নাশকতার আশঙ্কায় আজ সন্ধ্যা থেকে শহরে র্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিএনপির নেতাদের আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলের আন্দোলন দমাতে নেতাদের গ্রেপ্তার করার জন্য বাড়ি বাড়ি অভিযানের নামে হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। সুনির্দিষ্ট মামলা না থাকলেও বিভিন্ন রাজনৈতিক ও হয়রানিমূলক মামলায় নেতাদের আটক করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে।
পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, তারেক রহমানের রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে শহরজুড়ে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। সন্ধ্যা থেকে শহরে বিজিবি সদস্যরা টহল শুরু করেছেন।
এসপি দাবি করেন, বিরোধী দলের কোনো নেতাকে গ্রেপ্তার বা হয়রানির অভিযোগ সঠিক নয়। তবে চিহ্নিত দুষ্কৃতকারীদের ও বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে, এমন আসামিদের ধরতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থের অবৈধভাবে লেনদেনের (মানি লন্ডারিং) অভিযোগে করা মামলার রায় কাল রোববার ঘোষণা করা হবে।