তারেকের বিরুদ্ধে করা মামলার প্রতিবেদন ২৩ ফেব্রুয়ারির মধ্যে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলে কটূক্তি করার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে নতুন ওই তারিখ ধার্য করেন।
২০১৪ সালের ১১ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তারেক রহমান ‘কটূক্তি’ করেন ও ‘মানহানিকর’ বক্তব্য দেন। তার বক্তব্যে তারেক রহমান বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু।’ পরদিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়। চলতি বছরের ২৩ মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর করিম মানহানির অভিযোগে এ মামলা করেন। আদালত ঘটনার তদন্ত করে পল্টন থানা-পুলিশ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।