বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থের অবৈধ লেনদেনের (মানি লন্ডারিং) অভিযোগে করা মামলার রায়কে ঘিরে বগুড়ায় চরম উত্তেজনা এবং উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
গতকাল শনিবার থেকে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা ঠেকাতে র্যাব-পুলিশের টহল জোরদার করার পাশাপাশি বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা থেকে বিজিবির সদস্যরা শহরে টহল দেওয়া শুরু করেছেন। আজ রোববার ওই মামলার রায় দেওয়া হবে। এদিকে এই রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতাদের ধরপাকড়ের জন্য বাড়ি বাড়ি অভিযান চালিয়েছেন বলে জানা গেছে। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন অভিযোগ করেন, বিরোধী দলের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন দমাতে পুলিশ দিয়ে হামলার পর সরকার এখন নেতাদের গ্রেপ্তার করতে বাড়ি বাড়ি অভিযানের নামে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছে। সুনির্দিষ্ট মামলা না থাকলেও বিভিন্ন রাজনৈতিক ও হয়রানিমূলক মামলায় নেতাদের আটক করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক বলেন, তারেক রহমানের রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলতা ও নাশকতা ঠেকাতে শহরজুড়ে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। সন্ধ্যা থেকে শহরে বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। রায়কে কেন্দ্র করে বিরোধী দলের কোনো নেতাকে গ্রেপ্তার বা হয়রানির অভিযোগ সঠিক নয় বলে দাবি করে তিনি বলেন, গতকাল যেসব নেতার বাসায় অভিযান চালানো হয়েছে, তাঁদের কারও কারও বিরুদ্ধে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং কারও কারও বাসায় মামলার আসামিরা আশ্রয় নিয়েছিলেন।