তারেকের মামলার রায় রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থের অবৈধভাবে লেনদেনের (মানি লন্ডারিং) অভিযোগে করা মামলার রায় দেওয়া হবে আগামী রোববার।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষের যুক্তি-তর্ক শুনানি শেষে রায়ের এই তারিখ ধার্য করেন। এর আগে মানি লন্ডারিংয়ের পৃথক মামলায় তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ছয় বছর সাজা হয়েছিল।

গতকাল গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে আইনজীবীরা আদালতকে বলেন, এই মামলার সাক্ষী খাদিজা ইসলাম তাঁর সাক্ষ্যে কোথাও বলেননি, তিনি তারেক রহমানকে কোনো অর্থ দিয়েছেন। তিনি বলেছেন, কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে পরামর্শক ফি হিসেবে গিয়াস উদ্দিন আল মামুনকে নির্মাণ কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলাম টাকা দিয়েছেন। আর ওই টাকার লেনদেন হয়েছে বিদেশে, তাই অর্থ পাচারের অভিযোগ আনার কোনো সুযোগ নেই।

পরে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় যে টাকার লেনদেনের কথা বলা হচ্ছে, সে টাকাই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দেখিয়ে গিয়াস উদ্দিন আল মামুন ও তাঁর স্ত্রীকে আরেকটি মামলায় সাজা দেওয়া হয়েছে। তাই এই মামলায় তারেক-মামুনকে সাজা দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, সাক্ষী হিসেবে মার্কিন গোয়েন্দা সংস্থার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট মিস ডেবরা লেপরোভেট সাক্ষ্য দেওয়ার সময় কিছু কাগজপত্রের ফটোকপি দাখিল করেছেন। অথচ তদন্ত কর্মকর্তার সাক্ষী তালিকায় ডেবরার নাম ছিল না। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে সাক্ষী করা হয়।

গতকাল আসামির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সানাউল্লাহ মিয়া প্রমুখ।

গতকাল সকালে কারাগার থেকে গিয়াস উদ্দিন মামুনকে আদালতে আনা হয়। পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে দেওয়া আদালতের ঘোষণা অনুযায়ী, তারেক রহমান পলাতক আছেন।

দুদকের আইনজীবী মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ৭ নভেম্বর দুদকের পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে। আসামি মামুন তখনকার প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমানের প্রভাব খাটিয়ে টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের কাছ থেকে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা ঘুষ নেন। সিঙ্গাপুরে একটি ব্যাংকের মাধ্যমে এই টাকা লেনদেন হয়। ওই অবৈধ টাকার কিছু অংশ তারেক রহমান ভিসা কার্ডের মাধ্যমে খরচ করেছেন। কিন্তু ওই টাকা সরকারের সংশ্লিষ্ট সংস্থায় দেখানো হয়নি। তিনি বলেন, ওই টাকাটা যদি বৈধভাবেও নেওয়া হতো, তবু ঘোষণা না করায় তা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী অপরাধ বলেই গণ্য হতো।

গত ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১১ সালের ৮ আগস্ট তারেক রহমানকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করা হয়।

প্রসঙ্গত, তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে আছেন। চিকিৎসার জন্য ২০০৮ সালে তিনি উচ্চ আদালতের অনুমতি নিয়ে ওই দেশে যান। পরে তাঁর জামিন বাতিল করে এই মামলায় আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়। তিনি না আসায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে পলাতক ঘোষিত হওয়ায় আইন অনুযায়ী তাঁর পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিল না।