তারেকের মামলার রায় যেকোনো দিন

অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল এবং দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা করা হবে যেকোনো দিন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ মামলা চলছে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াস উদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। এই টাকার মধ্যে তারেক রহমান ৩ কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন।
২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন তারেক রহমানকে খালাস এবং তাঁর বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ডাদেশ ও ৪০ কোটি টাকা জরিমানার আদেশ দেন।