তারেকের মামলার রায়ে কী আছে, তা জানা: হান্নান শাহ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার রায়ে কী আছে বা থাকতে পারে, তা জানা আছে।আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় হান্নান শাহ এ কথা বলেন। তারেক রহমান এবং তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ অর্থ লেনদেনের মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। এর পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় দেশের জনগণ মেনে নেবে না।
আ স ম হান্নান শাহ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী সংবিধানের অপব্যাখ্যা করছেন। পদত্যাগপত্র দেওয়ার কারণে সব মন্ত্রীই অবৈধ। একমাত্র প্রধানমন্ত্রী বৈধ। এসব মন্ত্রীকে অবৈধ বলে উল্লেখ করেন হান্নান শাহ। যাঁরা এসব মন্ত্রীর নির্দেশ মানবেন, তাঁদের হুঁশিয়ার করে তিনি বলেন, ‘সংবিধান লঙ্ঘন করে সরকারই আইন মানছে না, তাই এই সরকারের নির্দেশও কেউ মানবে না।’
প্রধানমন্ত্রীর ‘একগুঁয়েমি মনোভাবের’ কারণে দেশে সংকট এবং অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন হান্নান শাহ। তিনি বলেন, আগামী দুই-এক দিনের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনে নতুন চমক আসছে। জোটের রাজনীতিতে নতুন মেরুকরণও হতে পারে বলে জানান তিনি।
মেজর (অব.) মুহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আবেদ রাজা, আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ। সভায় বক্তারা মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল আউয়াল মিন্টু, শিমুল বিশ্বাসসহ সব রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি দাবি করেন।