তারেকের রিট খারিজের রায় স্থগিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেননি আপিল বিভাগ। রায়ে স্থগিতাদেশ চেয়ে তারেক রহমানের পক্ষে করা আবেদনের ওপর ২০ জানুয়ারি শুনানি হবে। গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা শুনানির এ দিন নির্ধারণ করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। তারেকের আইনজীবী মাহবুব উদ্দিন প্রথম আলোকে বলেন, রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছিল। স্থগিতাদেশ চেয়ে করা আবেদনটি বিবেচনার জন্য ২০ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট তারেক রহমানের রিট খারিজ করে রায় দেন। এতে স্থগিতাদেশ চেয়ে তারেক রহমানের পক্ষে লিভ টু আপিল করা হয়। গতকাল আদালতে তারেকের পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন। সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আনিসুল হক।