অর্থপাচার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লিভ টু আপিলের (আপিল অনুমতির আবেদন) শুনানি পিছিয়েছে। গতকাল রোববার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ তারেক রহমানের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এক সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন।তারেক রহমানের আইনজীবী রফিক-উল হক সময়ের আবেদন জানান। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আনিসুল হক। একরামুল হক প্রথম আলোকে বলেন, আদালত এক সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেছেন। আগামী ৬ ফেব্রুয়ারি লিভ টু আপিলের ওপর শুনানি হতে পারে।জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট তারেক রহমানের রিট খারিজ করে রায় দেন। এতে স্থগিতাদেশ চেয়ে তারেক রহমানের পক্ষে লিভ টু আপিল করা হয়। এ বছরের ৩ জানুয়ারি চেম্বার বিচারপতি কোনো স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। গতকাল বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসে।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৬ অক্টোবর তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২০ কোটি ৪১ লাখ টাকা পাচারের অভিযোগে মামলা করে দুদক। গত বছরের ৫ জুলাই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।