তারেকের শাশুড়ির আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিল চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর করা আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

একই বেঞ্চে গত রোববার ইকবাল মান্দ বানুর আবেদনের ওপর শুনানি হয়। এরপর এ বিষয়ে আদেশের জন্য ২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেন হাইকোর্ট। এদিন আদালতে ইকবাল মান্দ বানুর পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

২০১৪ সালের ৩০ জানুয়ারি রাজধানীর রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ওই মামলা করে দুদক।

সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে দুদককে হিসাব না দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

পরে ওই মামলা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ইকবাল মান্দ বানু। এতে তিনি মামলার কার্যক্রম বাতিল চান। তাঁর ওই আবেদন আজ খারিজ হলো।