তারেকের শাশুড়ির আবেদন খারিজ, মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইকবাল মান্দ বানুর পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
আদেশের পর খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আদালত পর্যবেক্ষণসহ আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। ফলে সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা চলতে কোনো বাধা নেই।
২০১৪ সালের ৩০ জানুয়ারি রাজধানীর রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এই মামলা করে দুদক। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে দুদককে হিসাব না দেওয়ায় এ মামলা করা হয়। মামলার তদন্ত শেষে গত ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক। পরে ওই মামলা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে মামলার কার্যক্রম বাতিল চান ইকবাল মান্দ বানু।