সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার ইকবাল মান্দ বানুর আবেদনের ওপর শুনানি হয়। আদালতে ইকবাল মান্দ বানুর পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
২০১৪ সালের ৩০ জানুয়ারি রাজধানীর রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এই মামলা করে দুদক। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে দুদককে হিসাব না দেওয়ায় এ মামলা করা হয়। মামলার তদন্ত শেষে ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
পরে ওই মামলা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ইকবাল মান্দ বানু। এতে তিনি ওই মামলার কার্যক্রম বাতিল চান।