তারেকের শাশুড়ির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় (নন সাবমিশন) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেন দুদকের উপপরিচালক আবদুস সাত্তার সরকার।

২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুর সম্পদের বিবরণী চেয়ে তাঁকে নোটিশ দেয় দুদক। ওই নোটিশ ইকবাল মান্দ বানুর পক্ষে তাঁর বাড়ির তত্ত্বাবধায়ক জাকির হোসেন গ্রহণ করেন। সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হলেও ইকবাল মান্দ ওই নোটিশের বিরুদ্ধে রিট আবেদন করলে হাইকোর্ট স্থগিতাদেশ দেন। পরবর্তী সময়ে কমিশনের পক্ষে আপিল করা হলে আপিল বিভাগ হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দেন। ফলে মামলা করার ক্ষেত্রে কোনো বাধা না থাকায় সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ জানুয়ারি রাজধানীর রমনা মডেল থানায় ‘নন-সাবমিশন’ মামলা করেন সংস্থার উপপরিচালক আর কে মজুমদার। পরে মামলা তদন্ত করেন আরেক উপপরিচালক আব্দুস ছাত্তার সরকার।

তদন্ত কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন দেয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রয়াত রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগ অনুসন্ধানকালে দুদক আইন-২০০৪ এর ২৬ (১) ধারায় সৈয়দা ইকবাল মান্দ বানুকে নিজের ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের অর্জিত যাবতীয় সম্পদের বিবরণী সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। ধানমন্ডি আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের ৪০ নম্বর বাড়ির ঠিকানায় নোটিশটি পাঠানো হয়। ২০১২ সালের ২৫ জানুয়ারি সৈয়দা ইকবাল মান্দ বানুর পক্ষে নোটিশ গ্রহণ করেন তত্ত্বাবধায়ক মো. জাকির হোসেন। নোটিশ প্রাপ্তির পর সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হলেও তিনি নির্ধারিত সময়ে দাখিল করেননি। যা দুদক আইন-২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুদক মামলা করে। ওই মামলায় ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ দশমিক ৩৭ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের মধ্যে জোবাইদা রহমানের নামে ৩৫ লাখ টাকার এফডিআর পাওয়া যায়। তারেক রহমানের দাবি অনুসারে ওই এফডিআরের অর্থ তাঁর শাশুড়ি মেয়ে জোবাইদা রহমানকে দান করেছেন। তবে দুদকের তদন্তে ওই দাবির সত্যতা পাওয়া যায়নি।