তারেকের শাশুড়ির বিরুদ্ধে দুদকের মামলা
নির্দিষ্ট সময়ে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুদকের উপপরিচালক আর কে মজুমদার রমনা থানায় মামলাটি করেন। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) আলম মিয়া।
এজাহারে বলা হয়, ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানু বরাবর সম্পদ বিবরণী দাখিলের একটি নোটিশ পাঠায় দুদক। তাঁর পক্ষে নোটিশটি গ্রহণ করেন বাড়ির তত্ত্বাবধায়ক জাকির হোসেন। ওই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয় ইকবাল মান্দ বানুর পক্ষে। এর পরিপ্রেক্ষিতে আদালত দুদকের কার্যক্রম স্থগিত করেন। কমিশনের পক্ষে আপিল করা হলে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেন আপিল বিভাগ। সুতরাং তাঁর বরাবরে পাঠানো নোটিশ বহাল রয়েছে এবং তিনি ওই নোটিশের জবাব দেননি।
গত বুধবার সৈয়দা ইকবাল মান্দ বানুর পক্ষে তাঁর আইনজীবী নাসির উদ্দিন, জাকির হোসেন ভুঁইয়া ও ফারহানা বেগম আবার তাঁকে সম্পদের নোটিশ পাঠানোর জন্য ৩০ দিন সময় চেয়ে দুদকে আবেদন করেছিলেন। তবে দুদকের পক্ষ থেকে কমিশনার (তদন্ত) মো. শাহাব উদ্দিন বলেন, কমিশন মামলার অনুমোদন দেওয়ার পর মামলা থেকে পেছানোর কোনো সুযোগ নেই।
সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেয় কমিশন।