তারেকের শাশুড়ির বিরুদ্ধে মামলার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদ বিবরণী জমা না দেওয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের নিয়মিত বৈঠকে কমিশন এই অনুমোদন দেয়।
দুদক সূত্র জানায়, ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানু বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠায় দুদক। তাঁর পক্ষে নোটিশ গ্রহণ করেন বাড়ির তত্ত্বাবধায়ক জাকির হোসেন। ওই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয় ইকবাল মান্দ বানুর পক্ষে। এর পরিপ্রেক্ষিতে আদালত নোটিশের কার্যক্রম স্থগিত করেন। পরে কমিশনের আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেন।
সূত্র আরও জানায়, ২০০৭ সালের ২৯ মে তারেক রহমানকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। এর পরিপ্রেক্ষিতে তাঁর দেওয়া বিবরণী অনুযায়ী চার কোটি ২৩ লাখ আট হাজার ৫৬১ দশমিক ৩৭ টাকার সম্পদের তথ্য গোপনসহ সর্বমোট চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ দশমিক ৩৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান, তাঁর স্ত্রী জোবায়দা রহমান ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই জ্ঞাত আয়ের উৎস-বহির্ভূত সম্পদের মধ্যে জোবায়দা রহমানের নামে ৩৫ লাখ টাকার এফডিআর পাওয়া যায়। তারেক রহমানের দাবি অনুসারে, ওই এফডিআরের অর্থ ইকবাল মান্দ বানু জোবায়দা রহমানকে দান করেছেন। দুদকের তদন্তে ওই দাবির সত্যতা মেলেনি। বরং জোবায়দা রহমান ও ইকবাল মান্দ বানুর মাধ্যমে তারেক রহমানের অবৈধ আয়কে বৈধ করার অপচেষ্টা হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এ মামলায় ২০০৮ সালের ৩১ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়।