তারেকের শাশুড়ির বিরুদ্ধে মামলার অনুমতি অবৈধ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার অনুমোদনকে ‘অবৈধ’ দাবি করেছেন তাঁর শাশুড়ির আইনজীবীরা। একই সঙ্গে তাঁরা সম্পদ বিবরণী দাখিলের জন্য ইকবাল মান্দ বানুকে এক মাস সময় বাড়িয়ে আবার নোটিশ দিতে দুদকের কাছে আবেদন করেছেন।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গতকাল বুধবার সংস্থার চেয়ারম্যানের কাছে এই অনুরোধ জানান ইকবাল মান্দ বানুর তিন আইনজীবী। তাঁরা হলেন নাসির উদ্দিন আহমেদ, জাকির হোসেন ভূঁইয়া ও ফারহানা বেগম।

নাসির উদ্দিন আহমেদ বলেন, যেহেতু বিষয়টিতে উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল এবং পরে সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ স্থগিত করেন, তাই নতুন করে সৈয়দা ইকবাল মান্দ বানুকে আবার নোটিশ না দিয়ে সম্পদ বিবরণী দাখিল না করার (নন-সাবমিশন) মামলা দায়েরের অনুমোদন অবৈধ। তিনি বলেন, মামলার অনুমোদন বাতিল করে পুনরায় ইকবাল মান্দ বানু বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিতে কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদন জানানো হয়েছে। পুনরায় নোটিশ দেওয়া হলে তিনি সম্পদের হিসাব কমিশনে দাখিল করবেন।