তারেকের সাজার প্রতিবাদে কাল আবার বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং আইনের মামলায় হাইকোর্টের রায়ে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে কাল বুধবার আবারও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।
গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরের থানা ও জেলার সব উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করা হবে।
এর আগে গত শনিবার ঢাকা মহানগরসহ জেলা সদরে বিক্ষোভের কর্মসূচি দিয়েছিল বিএনপি। তবে সব জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়নি।
রুহুল কবির রিজভী দাবি করেন, সরকার রাজনীতির দৃশ্যপট থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে সরিয়ে দিতে চায়। তিনি বলেন, ‘নতুন মামলা সৃষ্টি করে বিরোধী দলের নেতা-কর্মীদের দীর্ঘদিন ধরে আটকে রেখে পীড়ন-নির্যাতনের অভিনব নিষ্ঠুর কৌশল অনুসরণ করছে সরকার। সরকারের ঘৃণ্য এই প্রতিহিংসার আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’