তারেকের স্ত্রীর আবেদনের শুনানি গ্রহণে বিব্রত হাইকোর্ট বেঞ্চ
সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলা বাতিল চেয়ে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের করা আবেদনের শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট দ্বৈত বেঞ্চের এক বিচারপতি। আজ বুধবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে।
এই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির প্রথম আলোকে বলেন, বেঞ্চের এক বিচারপতি শুনানি গ্রহণে বিব্রতবোধের কথা জানান। এরপর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য তা প্রধান বিচারপতির কাছে পাঠানোর কথা বলেন আদালত।
বিব্রতবোধ করায় পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কৌঁসুলি খুরশিদ আলম খান। জুবায়দার পক্ষে ছিলেন আইনজীবী রাগীব রৌফ চৌধুরী।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপনের অভিযোগে কাফরুল থানায় তারেক রহমান, তাঁর স্ত্রী জোবায়দা রহমান ও জোবায়দা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুদক। পরের বছর ৩১ আগস্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই বছরই মামলা বাতিল চেয়ে জোবায়দা হাইকোর্টে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেন। এই রুল চূড়ান্ত শুনানির জন্য আজ বিষয়টি তালিকায় ছিল।