তারেকের স্ত্রীর বিরুদ্ধে মামলা নিষ্পত্তির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলায় হাইকোর্টের দেওয়া রুলে পক্ষভুক্ত হতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে গতকাল বুধবার এই আবেদন জমা দেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।
দুদক সূত্র জানায়, ২০০৭ সালে তারেক রহমান, তাঁর স্ত্রী জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে প্রায় পৌনে পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, জোবায়দা তাঁর স্বামীকে এ সম্পদ অর্জনে সহায়তা করেছেন। ২০০৮ সালে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। এরপর জোবায়দা আবেদন করলে হাইকোর্ট দুই মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেন। ওই আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলে তা খারিজ হয়ে যায়। খুরশীদ আলম খান বলেন, ‘আমরা মামলাটি নিষ্পত্তি করতে চাই। কিন্তু ওই রুলের জন্য মামলাটি আটকে আছে। রুল শুনানি করতে হলে পক্ষভুক্ত হতে হয়। তাই আবেদন করা হয়েছে।’