তারেকের স্ত্রীর বিরুদ্ধে মামলায় রুলে দুদক পক্ষভুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় হাইকোর্টের দেওয়া রুলে পক্ষভুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার দুদকের এ-সংক্রান্ত আবেদন মঞ্জুর করেন।
দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, জোবায়দা রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার মামলায় হাইকোর্টের দেওয়া রুলে পক্ষভুক্ত হতে গত বুধবার আবেদন করে দুদক।
সূত্র জানায়, ২০০৭ সালে তারেক রহমান, তাঁর স্ত্রী জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে প্রায় পৌনে পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মামলা করে দুদক। মামলায় বলা হয়, জোবায়দা রহমান তাঁর স্বামীকে এ সম্পদ অর্জনে সহায়তা করেন। ২০০৮ সালে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। এরপর জোবায়দা রহমান আবেদন করলে হাইকোর্ট দুই মাসের জন্য কার্যক্রম স্থগিত করে রুল দেন। এ আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলে তা খারিজ হয়। এর পর থেকে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।