বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির (সাব্বির) হত্যা ধামাচাপা দিতে ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলা বাতিল চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ চারজনের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে তাঁদের বিরুদ্ধে ওই মামলা চলতে আর কোনো বাধা নেই।
মামলা বাতিলে চার আসামির আবেদন খারিজ করে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই রায় দেন।
অপর আসামিরা হলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ও ব্যবসায়ী কাজী সালিমুল হক।
আদালতে তারেক রহমানের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও এম মাহবুব উদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
২০০৬ সালের ৪ জুলাই হুমায়ুন কবির খুন হন। ওই হত্যা ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালে দুদক রমনা থানায় মামলা করে। ওই মামলায় ২০০৮ সালে তারেক রহমানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এরপর মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন তারেক রহমানসহ চারজন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল ও মামলার কার্যক্রম স্থগিত করে দেন। চলতি বছর ওই রুলের ওপর শুনানি শুরু হয়, ১৬ ফেব্রুয়ারি শেষ হয়।