তারেক-মুনীরের অসম্পন্ন কাজ শেষ করার প্রত্যয়

সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর মধ্যেই ফরিদপুরের ভাঙ্গার নূরপুরে তারেক মাসুদের বাড়িতে ভক্ত-স্বজনদের ভিড়। চলে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের মানুষ স্মরণ করেন তাঁদের প্রিয় মানুষকে।
গতকাল বুধবার ছিল চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক-চিত্রগ্রাহক মিশুক মুনীরের তৃতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তারেক মাসুদের গ্রামের বাড়ির পাশাপাশি দুর্ঘটনাস্থল মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। তাতে দৃপ্তকণ্ঠে উচ্চারিত হয়, সড়ক দুর্ঘটনায় আর কোনো প্রাণহানি নয়।
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ও তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এবং তারেক মাসুদের পরিবারের সদস্য ও সহকর্মীরা ভাঙ্গায় তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বাড়ির আঙিনায় আয়োজন করা হয় স্মরণসভার।
স্মরণসভার প্রধান অতিথি নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘তারেক প্রায়ই বলতেন, বাচ্চু ভাই দৌড়াদৌড়ি একটু কমিয়ে নাটক আর চলচ্চিত্রের প্রতি নজর দেন। আমার সেভাবে হয়নি। তারেক ক্যামেরায় সেলুলয়েডে তাঁর কথা, আমাদের কথা একসঙ্গে বলার যোগ্যতা রাখেন। তিনি অনন্য, তিনি স্বপ্নের ফেরিওয়ালা।’ নাসির উদ্দীন বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর খবর শুনে আমরা শোকাহত হই। কিন্তু আশাহত হইনি। আমরা তাঁদের অসম্পন্ন কাজ এগিয়ে নিতে চাই।’
ক্যাথরিন মাসুদ বলেন, ‘ফরিদপুরের প্রতিটি কাজ—নৌকাবাইচ, কবিগান, গ্রামীণ সংস্কৃতির মধ্যে তারেককে খুঁজে পাওয়া যায়। তিনি মাটির ময়নাসহ বিভিন্ন ছবির মাঝে এখানকার সংস্কৃতি তুলে ধরতেন। তিনি বেঁচে নেই, কিন্তু তাঁর স্বপ্ন বেঁচে আছে। তাই আমরা এখানে একটি বড় সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করব, যাতে এখান থেকে মানুষ বই পড়ে, জন্ম হয় আরেক তারেকের।’
স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফরিদপুর জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, ভাঙ্গা কে এম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোসায়েদ হোসেন প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জে তারেক-মিশুককে স্মরণ: স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে মানিকগঞ্জের জোকোয় তারেক ও মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকী পালিত হয়। তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মৃতি পর্ষদ, মানিকগঞ্জ প্রেসক্লাব, বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক, সামাজিক সংগঠন উত্তরণ, বারাঠা উত্তরণ সংঘ, প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভা ও কালের কণ্ঠ মানিকগঞ্জ শুভসংঘ যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
সকালে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করা হয়। মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ারের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তৃতা করেন তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মৃতি পর্ষদের সদস্য ইকবাল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি মাহবুব আলম প্রমুখ। বক্তারা বলেন, এই দুই গুণী ব্যক্তির মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। সড়ক দুর্ঘটনায় আর একটি প্রাণও যেন হারিয়ে না যায়।
পরে জোকা ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গাড়িচালক, যাত্রী ও পথচারীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন লেখাসংবলিত প্রচারপত্র বিলি করা হয়।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় থেকে ঢাকায় ফেরার পথে ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জোকায় সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।