জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাপান-বাংলাদেশ সংসদীয় লিগের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার টোকিওর পার্লামেন্ট ভবনের অফিস কক্ষে সংসদীয় লিগের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জাপানের পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের ৩২ জন সদস্য এতে অংশ নেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মজিবুর রহমান ভূঁইয়া এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের মহাপরিচালক কুনিও উমেদা সভায় উপস্থিত ছিলেন।সাধারণ সভা একই সঙ্গে জাপানের আরও চারজন সাবেক প্রধানমন্ত্রী—ইয়ুকিও হাতোইয়ামা, ইয়াসুও ফুকুদা, শিনজো আবে এবং সুতোমু হাতাকে জাপান-বাংলাদেশ সংসদীয় লিগের সর্বোচ্চ উপদেষ্টা নির্বাচিত করেছে। সংসদীয় লিগের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গতি সঞ্চারিত হওয়ার কথা উল্লেখ করে বলেন, দেশটির অর্থনীতি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে দ্রুত গতিতে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। অধিবেশনে অতিথি বক্তা হিসেবে দেওয়া ভাষণে বাংলাদেশের রাষ্ট্রদূত মজিবুর রহমান ভূঁইয়া দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ায় সংসদীয় লিগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রশংসা করেন।