তাল খেতে বেতাল অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাল খেতে বেতাল অবস্থায় পড়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিম্ন আয়ের মানুষ। পাঁচ থেকে দশ টাকা দামের একটি তাল খেতে খরচ হয় ১৫০ থেকে ২০০ টাকা। বাঙালির জীবনে তাই তাল এখন বেতালের কারণ হয়ে উঠেছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার ধানগড়া বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকার মানুষ তাল বিক্রি করতে এসেছে। আগে ভাদ্র মাসে তাল ও তালের রস দিয়ে নানা ধরনের পিঠা তৈরি করার ধুম পড়ে যেত। সময়ের পরিবর্তনে এখন অনেকেই আর তাল খেতে পছন্দ করে না। সাধারণ কিছু মানুষ পছন্দ করলেও তাল খেতে প্রয়োজনীয় দুধ-গুড় ও নারকেলের দাম বেশি হওয়ায় তারা ভালোভাবে খেতে পারছে না।
বেতুয়া গ্রামের শাহ আলী বলেন, পাঁচ-দশ টাকা দামের তাল খেতে খরচ হবে কমপক্ষে দেড় শ টাকা। হিসাব দিয়ে তিনি আরও বলেন, ‘বর্তমানে বাজারে প্রতি কেজি দুধের দাম ৪০ টাকা, এক কেজি গুড়ের দাম ৪০ টাকা, একটা নারকেলের দাম ৬০ টাকা আর মসলা কিনতে হবে ১০ থেকে ২০ টাকার। আমাদের মতো মানুষের তাল খেতে তাই বেতাল অবস্থা।’ ছেলোমগাঁতী গ্রামের আবু সেখ বলেন, তাল খাওয়া গরিব মানুষের জন্য কঠিন। গুড়-দুধের দাম বেশি হওয়ায় এ বছর এখনো তাল খাওয়া হয়নি বলে তিনি জানান। রণতিথা এলাকার এনামুল হক বলেন, গাছে এ বছর অনেক তাল ধরেছিল। দুধ-গুড় আর নারকেলের দাম বেশি হওয়ায় বিনা পয়সাতেও লোকজন তাল নিতে চায় না।
তাল খাওয়ার কথা স্মরণ করে এলাকার প্রবীণ নুরভানু বেগম বলেন, আগে প্রায় সবার বাড়িতেই গরুর দুধ, গুড় আর নারকেল থাকত। কিনতে হতো না। তালের সময়ে শুধু রস নয়, নানা পদের পিঠা বানানোর ধুম পড়ে যেত। এখনকার বউ-ঝিয়েরা এসব পছন্দ করে না। আবার সবকিছুই বাজার থেকে কিনতে হয় বলে এসব উঠে যাচ্ছে।
ধানগড়া ইউপির সাবেক চেয়ারম্যান গাজী মোশারফ হোসেন সরকার বলেন, বাঙালি সংস্কৃতির অনেক কিছু হারিয়ে যাচ্ছে। আধুনিকতার জোয়ারে এসব হারিয়ে না ফেলে সংরক্ষণ করা দরকার।