তালগাছে ঘেরা সেই গ্রাম

সারি সারি তালগাছে ঘেরা গ্রামটি। রাস্তা ও পুকুর পাড়ে সারি সারি তাল গাছ। তালের শাঁস বিক্রিই গ্রামবাসীর জীবিকা। পালা-পার্বণেও চলে তালের পিঠা খাওয়ার ধুম। তালপাখার বাতাসে শরীর জুড়ায় গ্রামবাসীর।
নাটোর জেলার সিংড়া উপজেলার এই গ্রামটির নাম চৌগ্রাম। নাটোরের ইতিহাস গ্রন্থ সূত্রে জানা যায়, চৌগ্রামে রয়েছে প্রাচীন স্থাপত্য নিদর্শন রাজা রসিক রায়ের রাজবাড়ি। প্রায় ৩০০ বছরের পুরোনো এই বাড়িটি আজও ইতিহাসের সাক্ষী। রাজশাহী জেলার ৪৮টি পরগনার অন্যতম ছিল চৌগ্রাম পরগনা। রসিক রায়ের ছেলে কৃষ্ণকান্ত এখানে বিশাল এলাকা নিয়ে জমিদার বাড়ি গড়ে তোলেন। ওই সময় তাঁরই চেষ্টায় বাড়ির আশপাশের আবর্জনা ও জঙ্গল পরিষ্কার করে তালগাছ লাগানো হয়।
নাটোর-বগুড়া মহাসড়কের পাশের এই গ্রামটিতে ব্যক্তি মালিকানার জায়গা ও খাসপুকুরের ধারে লাগানো তালগাছের সারি এখনো দৃষ্টি কাড়ে সবার।

তালের শাঁস বিক্রি করে এই গ্রামের অনেকেই জীবিকা চালায়। শ্রাবণ-ভাদ্র মাসে তাল পাকে। বর্ষা ও শীত মৌসুমে এই গ্রামের জামাই ও আত্মীয়দের দাওয়াত করে রকমারি তালের পিঠা বানিয়ে খাওয়ানোর ধুম পড়ে যায়।
স্থানীয় চৌগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, তালগাছ চৌগ্রামের ঐতিহ্য ধরে রেখেছে। তা ছাড়া তালগাছ ঝড়বৃষ্টি থেকে বাড়িঘর রক্ষা ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে। তালগাছ রোপণে কৃষি বিভাগের নজর দেওয়া উচিত।
উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, তালগাছের গ্রাম হিসেবে খুবই পরিচিত চৌগ্রাম। গত বছর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে চৌগ্রামসহ উপজেলার ১২টি ইউনিয়নে রাস্তার ধারে ১২ কিলোমিটার এলাকাজুড়ে তালগাছ লাগানো হয়েছে। এ বছরও প্রত্যেক ইউনিয়নে একটি করে রাস্তায় তালগাছ রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।