তালগাছের চারা রোপণ করে বজ্রপাতে মৃত্যু কমানো সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে সবচেয়ে বেশি বজ্রপাত হয় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। এই সুনামগঞ্জসহ বিভাগের চার জেলায় সাম্প্রতিক সময়ে বজ্রপাতে প্রচুর মানুষ মারাও যাচ্ছে। তবে যেসব এলাকায় তালগাছ বেশি পরিমাণে থাকে, সেখানে বজ্রপাতে মানুষের মৃত্যুর হারও কম থাকে। তাই তালগাছের চারা রোপণ করে বজ্রপাতে মৃত্যুর হার কমানো সম্ভব।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে পাঁচটায় নগরের আলিয়া মাদ্রাসা মাঠে ২০ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। জেলা প্রশাসনের সহযোগিতায় সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করেছিল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানারা খানুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। এ ছাড়া সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, উন্নয়ন সংগঠক জামিল চৌধুরী, সাংবাদিক আফতাব চৌধুরী, ছামির মাহমুদ ও সিলেট নার্সারি মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. কাউসার উদ্দিন চৌধুরী বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, সিলেট জেলায় বজ্রপাতে মানুষের মৃত্যু কমাতে প্রচুর পরিমাণে তালগাছের চারা রোপণ করা হচ্ছে। এরই মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার তালের চারা রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলায় ৮৬ হাজার ৯৪৫টি গাছের চারা বিক্রি হয়েছে। টাকার হিসাবে বিক্রির পরিমাণ ৪৪ লাখ ৪৫ হাজার ৪৯৬ টাকা। এ ছাড়া চলতি বছর বন বিভাগের উদ্যোগে বিভাগে ৮ লাখের বেশি গাছের চারা রোপণ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে মো. রাহাত আনোয়ার বলেন, সিলেটে একের পর এক বন্যা, টিলাধসসহ নানা প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। পরিবেশ ও প্রকৃতির ওপর অত্যাচার করায় এমনটি হচ্ছে। প্রকৃতির বিরুদ্ধাচরণ করলে প্রকৃতিও বিরূপ আচরণ করে থাকে। তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে, প্রকৃতির পরিচর্যা করতে হবে। সিলেটের পাথর কোয়ারিগুলোতে বোমা মেশিন ও বিলাই মেশিন কোনোভাবেই চলতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, এসব পরিবেশ বিধ্বংসী। তা রোধ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গাছ রোপণের কোনো বিকল্প নেই। এ ছাড়া গাছ রোপণ করে সম্পদশালীও হওয়া যায়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃক্ষমেলা উপলক্ষে প্রকাশিত ‘ডেফল’ নামের একটি স্মারকের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।