তালগাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাস খাদে, নিহত ২

রাজশাহী তানোরে যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে তালগাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে দুই যাত্রী নিহত হয়েছেন। অন্যদিকে সাতক্ষীরায় পাটকেলঘাটার শাকদহা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত হন। আহত হন একজন। আজ মঙ্গলবার সকালে পৃথক এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর
রাজশাহী: বাসটি রাজশাহী শহরের রেলগেট এলাকা সকালে ছেড়ে আসে। এটি তানোর হয়ে চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় যাচ্ছিল। বেলা ১১টার দিকে তানোর উপজেলার বুড়াবুড়ি এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশের তালগাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে দুজন নিহত ও ১০ জন আহত হয়। আহত যাত্রীদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহত দুজন হলেন তানোর উপজেলার চিমনা গ্রামের রিয়াজ উদ্দিন মণ্ডল (৭০) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার টগরইল গ্রামের মনিরুল ইসলাম (৪৫)।
সাতক্ষীরা: সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদহা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র দ্বীপজয় সাধু (১৯) ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হন আবদুল ওয়াদুদ নামের একজন।
নিহত দ্বীপজয় সাধু তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর ছেলে। তিনি পাটকেলঘাটা হারুনার রশিদ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।