তালগোল পাকিয়েছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একতরফা নির্বাচনের মাঠ প্রশাসন চলছে সরকারের নির্দেশে। কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) সহযোগী সংগঠনের মতো আচরণ করছে। কোনো প্রার্থী বা দল দোষ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, কমিশন নিজেই নির্বাচনী আইন মানছে না।

কমিশন কোনো আইন পর্যালোচনা না করেই প্রতীক বরাদ্দের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। অথচ ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের বেআইনি চিঠিকে গুরুত্বসহকারে বিবেচনা করেছে।

সরকারের নির্দেশ মান্য করতে গিয়ে কমিশন গতকাল আইন-বহির্ভূতভাবে পেছনের তারিখ দিয়ে আরও তিনজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের সংখ্যা বেড়ে হলো ১৫৪। এখন ৫ জানুয়ারি ভোট হবে ১৪৬ আসনে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৮৭ জন প্রার্থী, যা অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে কম।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের ফরমায়েশ তামিল করতে গিয়ে কমিশন সচিবালয়ের কাজে তালগোল পাকিয়ে গেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ গতকাল বিকেলে জরুরি বৈঠক করেছেন। তিনি কমিশন সচিবালয়ের কাছে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা, কোন দলের প্রার্থীর সংখ্যা কত, কতটি আসনে নির্বাচন হবে— এ-সম্পর্কিত তথ্য চেয়ে পাঠান। কিন্তু সচিবালয় থেকে গতকাল পর্যন্ত তিনি সেই হিসাব পাননি। কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, পরিকল্পনা অনুযায়ী ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার শেষে ১৪ ডিসেম্বরের মধ্যে এই তালিকা চূড়ান্ত হওয়ার কথা। কিন্তু রিটার্নিং কর্মকর্তারা গতকালও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নাম পাঠানোয় চূড়ান্ত তালিকা তৈরি করা সম্ভব হয়নি। ব্যালট পেপার ছাপানোর জন্য তা ছাপাখানায় পাঠানোর কথা শনিবার। তালিকা তৈরি না থাকায় সেটি কালও পাঠানো সম্ভব হয়নি।

মনোনয়নপত্র প্রত্যাহারে অনিয়ম: গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী, জমা দেওয়ার দিন থেকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিকেল পাঁচটা পর্যন্ত যেকোনো সময়ে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। তফসিল অনুযায়ী, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। কিন্তু রিটার্নিং কর্মকর্তারা গতকালও ১৩ ডিসেম্বরের তারিখ দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গ্রহণ করে তিনজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন। তাঁরা হলেন জাতীয় পার্টির মশিউর রহমান (রংপুর-১), শওকত চৌধুরী (নীলফামারী-৪) ও জাতীয় পার্টির (জেপি) ফখরুল ইমাম। এই তিনটি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার দেখানো হয়েছে যথাক্রমে আওয়ামী লীগের রুহুল আমিন, এ এ মারুফ সাকলান ও আবদুস ছাত্তারের।

কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, ১৩ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের কারণে ১১৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ছিলেন। সময় পার হয়ে গেলেও গত দুই দিনে এই সংখ্যা বেড়ে ১৫৪-তে দাঁড়ায়। বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, কক্সবাজার, বগুড়া, লালমনিরহাট, কুমিল্লা, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট, নীলফামারীসহ আরও কয়েকটি জেলা থেকে রিটার্নিং কর্মকর্তারা নির্ধারিত সময়ের পরে তথ্য পাঠিয়েছেন।

কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের পরও কীভাবে প্রার্থিতা প্রত্যাহার হলো, সে বিষয়ে গতকাল দুজন কমিশনার সিইসির কাছে জানতে চান। বৈঠকে তাঁরা বলেন, এমনিতেই কমিশনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। এ ধরনের অনিয়ম চললে কমিশনের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় গিয়ে ঠেকবে। সিইসি এ বিষয়ে ব্যাখ্যা জানতে তাৎক্ষণিক কমিশন সচিব মোহাম্মদ সাদিকসহ অন্য কর্মকর্তাদের বৈঠকে ডাকেন। সচিবালয় থেকে ক্ষমতাসীন দলের হস্তক্ষেপের বিষয়টি তুলে ধরা হয়।

কমিশন সচিবালয় সূত্র জানায়, একতরফা এই নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলের সমঝোতা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ আসন জাপা ও জেপিকে ছেড়ে দেওয়ার কথা। কিন্তু কেন্দ্রের নির্দেশ অমান্য করে এসব দলের অনেক প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেন। অন্যদিকে তিনি প্রার্থিতা প্রত্যাহারের আগ পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা কমিশনে না পাঠানোর জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেন। এ কারণে রিটার্নিং কর্মকর্তারা নির্ধারিত সময়ে না দিয়ে গতকালও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের জয়ী ঘোষণা করেছেন। রিটার্নিং কর্মকর্তাদের অনেকে কমিশনে প্রার্থিতা প্রত্যাহার-সম্পর্কিত যে চিঠি পাঠিয়েছেন, তাতে আওয়ামী লীগের কো-চেয়ারম্যানের ভূমিকার কথা উল্লেখ করেছেন।

কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, নির্বাচনে একটি দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের হস্তক্ষেপ আরপিওর পরিপন্থী। আরপিও অনুযায়ী, কেউ দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দিলে তাঁর সঙ্গে দলীয় প্রধান বা সাধারণ সম্পাদকের অনুমোদনপত্র জমা দিতে হবে। কোনো আসনে একাধিক প্রার্থী থাকলে মনোনয়নপত্র প্রত্যাহারের আগে দল থেকে একজনকে চূড়ান্ত করার পর অন্য প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যাবে। তখন রিটার্নিং কর্মকর্তা একমাত্র বৈধ প্রার্থীর অনুকূলে দলীয় প্রতীক বরাদ্দ করবেন। কিন্তু এবার এ আইন মানা হচ্ছে না।

কমিশন সচিবালয় সূত্র জানায়, এইচ টি ইমামের হস্তক্ষেপ বন্ধ করতে এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা দ্রুত পাঠাতে রিটার্নিং কর্মকর্তাদের তাগিদ দেওয়ার জন্য সচিবালয়ের কর্মকর্তারা একাধিকবার কমিশনারদের দপ্তরে ছুটে গেছেন। কিন্তু কমিশনাররা বিষয়টি তখন গুরুত্বসহকারে নেননি। উল্টো একজন কমিশনার ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরীর মনোনয়নপত্র বৈধ করার জন্য কমিশন সচিবালয়কে চাপ দেন। সে অনুযায়ী কমিশন সচিবালয় থেকে রিটার্নিং কর্মকর্তাকে পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য এইচ টি ইমামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এরশাদকে না:১২ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ লাঙ্গল প্রতীক কাউকে না দেওয়ার জন্য সিইসিকে চিঠি দেন। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলেও চিঠিতে জানিয়েছিলেন। কিন্তু কমিশন তাঁর চিঠি আমলে নেয়নি। উল্টো কমিশন জাপার চেয়ারম্যানের নির্দেশ অমান্যকারী প্রার্থীদের অনুকূলে লাঙ্গল প্রতীক বরাদ্দ দিয়েছে।

নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিষয়টি আরপিওর পরিপন্থী। এ আইনে বলা আছে, প্রার্থিতা প্রত্যাহার করতে হলে প্রার্থীকে নিজে উপস্থিত হয়ে অথবা লিখিতভাবে কাউকে ক্ষমতা দিয়ে প্রত্যাহারপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে। কিন্তু দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে প্রার্থীদের প্রার্থিতা বহাল থাকবে কি না, সে বিষয়ে আইনে কিছু বলা নেই।

এ বিষয়ে সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা প্রথম আলোকে বলেন, দল নিবন্ধিত হয়ে থাকে সভাপতি অথবা সাধারণ সম্পাদকের নামে। তাঁদের দ্বারা নির্দেশিত হয়ে দল পরিচালিত হয়। সুতরাং আইনের চেতনা অনুযায়ী তাঁরা যদি নির্বাচন থেকে সরে দাঁড়ান, সে ক্ষেত্রে ওই দলের কারও প্রার্থিতা বহাল থাকার কথা নয় এবং কোনো প্রার্থীর নামে সেই দলের প্রতীকও বরাদ্দ দেওয়ার কথা নয়।

কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, আইনগতভাবে জাপা ভাগ হয়নি। কারণ, দল ভাগ করতে হলে বিশেষ কাউন্সিলের মাধ্যমে তা অনুমোদন করিয়ে নিতে হয়। কিন্তু এ ক্ষেত্রে সে রকম কিছু ঘটেনি। তাই জাপার নামে যাঁরা নির্বাচন করছেন, তাঁরা আইনত জাপার প্রার্থী নন। কমিশন যা করেছে, তাতে দলের চেয়ে দলের প্রার্থীর ক্ষমতা বেশি হয়ে পড়েছে।

আওয়ামী লীগের নির্বাচনী জোটের অনুকূলে নৌকা প্রতীক বরাদ্দের ক্ষেত্রেও কমিশন আইন মানেনি বলে অভিযোগ উঠেছে। আরপিও অনুযায়ী, কেউ নির্বাচনী জোট গঠন করলে তা তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে। ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চিঠির মাধ্যমে জোটবদ্ধ প্রার্থী হিসেবে জাসদ, ওয়ার্কার্স পার্টি ও তরীকত ফেডারেশনের প্রার্থীদের নৌকা প্রতীক বরাদ্দ দিতে বলেন। অথচ এই দলগুলো নিয়ে যে নির্বাচনী জোট হয়েছে, তা তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে কমিশনকে জানানো হয়নি। তার পরও জোটবদ্ধ প্রার্থীদের নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রাতে বৈঠক শেষে সিইসি

গতকাল রাত পৌনে ১১টায় কমিশন ছেড়ে যাওয়ার আগে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন জিতে গেলেও নির্বাচন থামানোর সুযোগ নেই। নির্বাচন হতেই হবে। আইনি প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন শেষ করা হবে।

বৈঠক শেষে সিইসি বলেন, প্রতীক বরাদ্দের হিসাব-নিকাশ চলছে। ব্যালট পেপার ছাপানোর জন্য সরকারি ছাপাখানায় পাঠানো হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জনের জয়ী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে তথ্য এসেছে যে কারণে বিলম্ব হয়েছে। অনেকে প্রত্যাহার করেছেন, যে কারণে প্রার্থী কমে গেছে।

নির্ধারিত সময় ১৩ ডিসেম্বরের পরও মনোনয়নপত্র প্রত্যাহার এবং এর আইনি ব্যাখ্যা সম্পর্কে জানতে চাইলে সিইসি জবাব দেননি।