তালতলায় চারজন দগ্ধ
রাজধানীর খিলগাঁওসংলগ্ন তালতলা এলাকায় গতকাল শনিবার সকালে একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ চারজন হলো হোসেন আলী (৪৫), তাঁর ছেলে মাহাদী হোসেন (৭) ও ভাতিজা আবিয়াদ (৮) এবং ঠিকাদার আবদুস সাত্তার (৫০)। তাদের মধ্যে সাত্তারের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সায়েক আহম্মদ বলেন, হোসেন আলী পরিবারসহ তালতলার নতুনবাগের নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় থাকেন। সাত্তার ওই বাড়ির ঠিকাদার। সকালে ঝড়ের সময় তারা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের দুটি তারে সংযোগ ঘটে। এতে আগুনের ফুলকি তৈরি হয়। সেই ফুলকির নিচে দাঁড়িয়ে থাকা দুই শিশুসহ চারজনের ওপর পড়লে তারা দগ্ধ হয়। দগ্ধ লোকজনের মধ্যে সাত্তার ছাড়া অন্যরা শঙ্কামুক্ত বলে এসআই জানিয়েছেন।