তালতলী থানার ওসিকে সতর্ক করলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসমক্ষে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে নির্যাতন করার ঘটনায় বাদীর অভিযোগ যথাযথভাবে আরজিতে না লেখার অভিযোগের জবাব দেওয়ার পর তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতারকে সতর্ক করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বরগুনার আমতলী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজন্তি বিশ্বাস ওসির বক্তব্য শোনার পর এই মামলাটি তদন্তের ক্ষেত্রে ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও সতর্ক থাকার নির্দেশ দেন। 

আদালত সূত্র জানায়, গত ২৩ জুলাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষক সুন্দর আলী গাজীকে জনসমক্ষে পেটানোর ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে ৬ আগস্ট তালতলী থানায় মামলা করা হয়। গত সোমবার ওই মামলার আসামিউপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান ২৬ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পান। সুন্দর আলী আদালতে লিখিতভাবে অভিযোগ করেন, মনিরুজ্জামান তাঁকে জনসমক্ষে দুই দফা বেদম মারধর করেন এবং ৬০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ওসি আসামিদের সুবিধা দিতে মামলার আরজিতে ৬০ লাখ টাকা চাঁদা দাবির বিষয়টি লিপিবদ্ধ করেননি। সুন্দর আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারক তালতলী থানার ওসিকে মঙ্গলবার (গতকাল) আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাঁর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।

আদালতের আদেশে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওসি বাবুল আকতার আদালতে হাজির হন। এ সময় ওসি আত্মপক্ষ সমর্থন করে আদালতে বলেন, বাদী তাঁর আবেদন (আরজি) স্বজ্ঞানে বাড়ি থেকে লিখে থানায় নিয়ে আসেন এবং তিনি যা লিখেছেন তা-ই এজাহারে লিপিবদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘বাদীকে আমি কোনোরূপ প্রভাবিত করিনি।’ বিচারক বৈজন্তি বিশ্বাস ওসির বক্তব্য শুনে জানতে চান ঘটনার পর আপনার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। ওই জিডিটি কেন এজাহারে আনা হয়নি সেই জিডির কপি কি আপনি এনেছেন, উত্তরে ওসি বলেন ‘না’। এরপর বিচারক তাঁর আদেশে উল্লেখ করেন ‘আপনি এ-সংক্রান্ত মামলা তদন্তে ভবিষ্যতে অধিকতর সতর্ক থাকবেন এবং তদন্তকাজে গতিশীলতা রাখবেন।’

গত সোমবার রাতে শিক্ষক সুন্দর আলীর মুঠোফোনে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে তাঁকে গালাগাল করেন এবং তাঁকে হত্যার হুমকি দেন। সুন্দর আলী গতকাল মঙ্গলবার দুপুরে বলেন, ‘এসব বক্তব্য আমার মুঠোফোনে ধারণ করে রেখেছি।’ তিনি বলেন, মনিরুজ্জামান জামিন পাওয়ার পর থেকে পরিবার নিয়ে তিনি আতঙ্কের মধ্যে আছেন। এ ব্যাপারে থানায় জিডি করবেন বলেজানান তিনি।