তালতলীতে ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে সুমাইয়া আক্তার (৯) নামে ওই শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এলাকার বাসিন্দা সূত্র জানায়, উপজেলার পচাকোড়ালিয়া বাজার এলাকার মালয়েশিয়াপ্রবাসী মো. সেফাজ উদ্দিন খানের মেয়ে চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইয়া গতকাল সকালে ওই বাজারের জামে মসজিদে আরবি পড়া শেষে বাড়ি আসে। সকাল সাড়ে নয়টার দিকে সুমাইয়ার মা রাশিদা বেগম আকস্মিক ঘর থেকে মেয়েকে কোলে নিয়ে প্রতিবেশী তোফাজ্জেল মৃধা ও কবির খানের কাছে নিয়ে যান এবং ঘরের খাট থেকে পড়ে তাঁর মেয়ে অজ্ঞান হয়ে গেছে বলে তাঁদের জানান। তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাপস চন্দ্র মণ্ডল তাকে মৃত ঘোষণা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা সহকারী গৌরাঙ্গ হাজরা জানান, শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
সুমাইয়ার চাচা শুক্কুর আলী খান ও জসিম উদ্দিন অভিযোগ করেন, সুমাইয়াকে ওর মা পরিকল্পিতভাবে হত্যা করেছেন। হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য গলায় ফাঁস দিয়েছে বলে নাটক সাজিয়েছেন। কারণ অতটুকু শিশু কোনোমতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে না।
তালতলী থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ‘ বাড়িতে গিয়ে শিশুটির মাকে পাওয়া যায়নি। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে।’
থানার পরিদর্শক (তদন্ত) গাজী ফজলুল হক বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’