তালতলীতে ছয়জনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলীতে গতকাল শনিবার জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পরিবারের সংঘর্ষ বাধলে প্রতিপক্ষ হামলা চালিয়ে একই পরিবারের ছয় ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে। জানা গেছে, উপজেলার বেহালা গ্রামের মৌজে ইউছুফ বয়াতি নিজ গ্রামে বন্দোবস্ত পাওয়া এক একর খাসজমি প্রতিবছর চাষাবাদ করেন। প্রতিবেশী আব্বাস গাজী লোকজন নিয়ে গতকাল সকালে ওই জমির ধান কাটতে গেলে ইউছুফ বয়াতি ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দেন। এ সময়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আব্বাস গাজী ও তাঁর লোকজন ইউছুফ বয়াতি ও তাঁর বাবা মৌজে আলী বয়াতি (৭৫), পরিবারের সদস্য পিয়ারা বেগম (৩০), সাজেদা বেগম (২৫), তাসলিমা বেগম (২৮) ও ইলিয়াস হোসেনকে (১৬) কুপিয়ে আহত করেন। আহত ব্যক্তিদের প্রথমে আমতলী হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় পরে মৌজে আলী বয়াতি, ইউছুফ বয়াতি ও পিয়ারা বেগমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আব্বাস গাজী জানান, ওই জমিতে তাঁর মালিকানা রয়েছে। তিনি নিজের অংশের ধান কাটতে গেলে সংঘর্ষ বাধে। তালতলী থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।