তালতলীতে পৌনে দুই লাখ মানুষের জন্য একজনও চিকিত্সক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে বরগুনার আমতলী উপজেলার তালতলী এলাকায় ২০ শয্যার একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণ করা হয়। কিন্তু জনবল সংকটের কারণে আজও ওই কেন্দ্রে চিকিত্সা কার্যক্রম শুরু করা যায়নি। এই এলাকায় তিনটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিত্সকও নেই। এ কারণে আজকের এই আধুনিক যুগেও এই এলাকার অধিকাংশ মানুষ চিকিত্সার জন্য গ্রাম্য হাতুড়ে চিকিত্সক ও কবিরাজের ওপর নির্ভর করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়বগি, পচাকোড়ালিয়া ও কড়ইবাড়িয়া ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত উপজেলা তালতলীর (বর্তমানে পুলিশ থানা) বর্তমান জনসংখ্যা প্রায় পৌনে দুই লাখ। এলাকার মানুষের সুচিকিত্সা নিশ্চিত করার জন্য ২০০৪ সালে তালতলীতে ২০ শয্যার উপ-স্বাস্থ্যকেন্দ্রের জন্য ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০০৭ সালের শেষ দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তর করার আগেই জোট সরকারের শেষ সময়ে স্থানীয় বিএনপিদলীয় সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার দুজন চিকিত্সক ও তিনজন সেবিকা নিয়ে হাসপাতালটির অসম্পন্ন অবস্থায় উদ্বোধন করেন। উদ্বোধনের দুই সপ্তাহের মধ্যেই চিকিত্সক, সেবিকাসহ সবাই বদলি হয়ে অন্যত্র চলে যান। এর পর থেকে হাসপাতালটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।স্থানীয় লোকজন জানায়, ২০ শয্যার এ উপ-স্বাস্থ্যকেন্দ্রটি চালু না হওয়ায় এখন তাদের চিকিত্সার জন্য যেতে হয় ৩৫ কিলোমিটার দূরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা জেলা সদর বরগুনায়।জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি নীতিমালা অনুযায়ী দেশের প্রতি চার হাজার মানুষের জন্য একজন এমবিবিএস চিকিত্সক থাকার কথা। কিন্তু তালতলীর পৌনে দুই লাখ মানুষের জন্য একজন চিকিত্সকও নেই। জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তালতলীর তিনটি ইউনিয়নে তিনটি উপ-স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এতে পদায়ন অনুসারে প্রতিটিতে একজন করে মোট তিনজন এমবিবিএস চিকিত্সক থাকার কথা থাকলেও তাতে একজনও নেই। অনেক বছর ধরে উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোয় কোনো চিকিত্সক না থাকায় সেগুলো পরিচালিত হচ্ছে চিকিত্সা সহকারীদের দিয়ে। ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোয় রোগ নির্ণয়ের কোনো উপকরণ না থাকায় চিকিত্সা সহকারীরা রোগীদের অনুমাননির্ভর চিকিত্সা দিচ্ছেন। এতে ভুল চিকিত্সার কারণে অনেকেই আরও জটিল রোগে আক্রান্ত হচ্ছে। অর্থাভাবে দরিদ্র রোগীরা চিকিত্সার জন্য গ্রাম্য হাতুড়ে চিকিত্সক, কবিরাজ অথবা ঝাড়ফুঁক দেন—এমন ফকিরের কাছে যাচ্ছে। বরগুনার সিভিল সার্জন জহিরুল ইসলাম বলেন, ‘তখন আমরা রাজনৈতিক চাপে অসম্পূর্ণ অবস্থায় তালতলী ২০ শয্যার উপ-স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করতে বাধ্য হয়েছিলাম। এখন চিকিত্সক ও পর্যাপ্ত লোকবলের অভাবে ওই উপ-স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম শুরু করা যাচ্ছে না। তালতলী হাসপাতাল ও ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোয় চিকিত্সক না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরগুনায় নতুন করে চিকিত্সক নিয়োগ দেওয়া হলেই তালতলী হাসপাতালে চিকিত্সা কার্যক্রম শুরু করব।’