তালতলীতে ভিজিএফের চাল বিতরণে অনিশ্চয়তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলায় ভিজিএফের ৩২৪ মেট্রিক টন চাল বিতরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সুবিধাভোগীদের তালিকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাদের ভাগ বসানো নিয়ে মতবিরোধ সৃষ্টির কারণে এ অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তালতলী উপজেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ উৎসব উপলক্ষে তালতলী উপজেলার সাতটি ইউনিয়নের ১৬ হাজার ২২৮টি হতদরিদ্র পরিবারের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে পরিবারপ্রতি ২০ কেজি করে ভিজিএফের (খয়রাতি) চাল বিতরণের জন্য ৩২৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নিশানবাড়িয়া ইউনিয়নে ২ হাজার ৩৮৪টি পরিবারের অনুকূলে ৪৭ দশমিক ৬৮০, পচাকোড়ালিয়া ইউনিয়নে ২ হাজার ১১৯টি পরিবারের জন্য ৪২, ছোটবগিতে ২ হাজার ৪৩৫টি পরিবারের জন্য ৪৮ দশমিক ৭০, কড়ইবাড়িয়া ইউনিয়নে ২ হাজার ৩৮২টি পরিবারের জন্য ৪৭, শারিকখালীতে ১ হাজার ৪৪০টি পরিবারের জন্য ২৮ দশমিক ৮, বড়বগি ইউনিয়নের ৩ হাজার ৩৯১টি পরিবারের জন্য ৬৭ দশমিক ৮২ ও সোনাকাটা ইউনিয়নের ২ হাজার ৭৭টি পরিবারের জন্য ৪১ দশমিক ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
ওই উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) কয়েকজন চেয়ারম্যান বলেন, বিধি অনুসারে এ চাল বিতরণের জন্য সুবিধাভোগীদের তালিকা তৈরি করবেন সংশ্লিষ্ট ইউপির সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যরা। কিন্তু এ তালিকায় ভাগ বসিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ক্ষমতাসীন দলের নেতারা।
কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন, ‘তালিকায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের শতকরা ২৫ জন, উপজেলা আওয়ামী লীগের নেতাদের শতকরা ২৫ জন করে সুবিধাভোগীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি ৫০ জনের নাম ইউপি সদস্যদের দিতে বলা হয়েছে। অনুরূপ অভিযোগ করেছেন পচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন পাটোয়ারী।
নিশানবাড়িয়া ইউনিয়নের এক সাধারণ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁর ওয়ার্ডে তালিকাভুক্ত পরিবার ২৮১টির মধ্যে উপজেলা চেয়ারম্যান ৩০টি, আওয়ামী লীগের নেতা ৪৬টি ও ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান ৫২টি পরিবারের নাম দিয়েছেন। বাকি ১৫৩টি পরিবারের নাম দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে।
তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, ‘আমি বা আমার কোনো প্রতিনিধি তালিকা দিয়েছে—এমন অভিযোগ মিথ্যা। তবে জনপ্রতিনিধি হিসেবে আমার কাছেও গরিব মানুষেরা সাহায্যের জন্য আসে। তাই দু-একজনের নাম চেয়ারম্যানদের জানিয়েছি মাত্র।’
তালতলী ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইস্রাফিল হোসেন বলেন, ‘সাতটি ইউপির চেয়ারম্যানদের নামের অনুকূলে ৩২৪ মেট্রিক টন ভিজিএফ চালের ছাড়পত্র দিয়েছি।’
তালতলী খাদ্য কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত শুধু নিশানবাড়িয়া ইউনিয়নে বরাদ্দের ৪৭ দশমিক ৬৮০ মেট্রিক টন চাল উত্তোলন করা হয়েছে। বাকি ছয় ইউনিয়নের চেয়ারম্যানরা চাল তোলেননি।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসরাইল হোসেন বলেন, জনসংখ্যার ভিত্তিতে তালিকা করা হয়েছে। অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।