তালতলীতে রাখাইন পরিবারের জমি দখলের অভিযোগ
বরগুনার তালতলীতে আদিবাসী রাখাইন পরিবারের জমি দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই পরিবারের এক নারীসদস্য ও তাঁদের দুই আত্মীয়কে মারধর ও তাঁদের শ্লীলতাহানির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসীরা ২৫ জুন এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে মাচানলা রাখাইন ২৮ জুন থানায় মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহায়তায় এলাকার নির্মল সিকদার ও তাঁর লোকজন ২৫ জুন ভোররাতে তালতলী থানা সদরের গ্রামীণ ব্যাংক কার্যালয়সংলগ্ন এলাকার মৃত চিনজো অং রাখাইনের স্ত্রী মাচানলা রাখাইনের ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরে সন্ত্রাসীরা মাচানলা রাখাইন ও তাঁর আত্মীয় চোংনানচিন, লাচিনতেনকে মারধর এবং শ্লীলতাহানি করে। শেষে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সন্ত্রাসীরা তাঁদের খুঁটির সঙ্গে বেঁধে রাখে এবং তাঁদের ঘরের পাশে একটি ঘর তোলে।নির্মল সিকদারের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ভাগ্নে মৃণাল বলেন, ‘আমার মামা সরকারের কাছ থেকে গ্রামীণ ব্যাংকসংলগ্ন এলাকার এক একর জমি বন্দোবস্ত নিয়েছেন। সেই জমিতে আমার মামা আগেই ঘর তুলেছেন। ওরা মারধর ও খুঁটির সঙ্গে বেঁধে রাখার যে ঘটনা বলছে তা অসত্য।’মাচানলা রাখাইন অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংকসংলগ্ন এলাকায় প্রায় ৩০ শতক জমিতে গত ৫০ বছর ধরে তাঁর বাবা বসবাস করে আসছিলেন। বাবার মৃত্যুর পর তিনি প্রায় ১৫-২০ বছর ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। কয়েক মাস ধরে নির্মল সিকদার স্থানীয় কতিপয় প্রভাবশালী লোকের প্ররোচনায় তাঁদের ওই জমি দখলের পাঁয়তারা করছেন। তাঁরা গত ২৫ জুন তাঁদের জমি দখল করে ঘর নির্মাণ করেছেন। তিনি ভয় ও আতঙ্কে তাঁর ঘরে ফেরতে পারছেন না।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, ‘নির্মলকে সরকার এক একর জমি বন্দোবস্ত দিয়েছে। কিন্তু রাখাইন ভদ্র মহিলা সেই জমি ছাড়তে চান না। পরে নির্মল স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের সহায়তায় সেই জমির দখল নিয়ে সেখানে একটি ঘর তুলে বসবাস করছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়েছে। মারামারি বা বেঁধে রাখার বিষয়ে আমি কোনো তথ্য-প্রমাণ পাইনি।’