তালতলীতে ৮৫ ভাগ গরু খুরারোগে আক্রান্ত
বরগুনার আমতলী উপজেলার তালতলী থানার সর্বত্র চলতি আমন চাষাবাদ মৌসুমে গরুর খুরারোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, এলাকার ৮৫ ভাগ গরুই বর্তমানে খুরারোগে আক্রান্ত। তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সাতটি ইউনিয়নের প্রায় সর্বত্রই আষাঢ় মাসের মাঝামাঝি খুরারোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তালতলী থানার নিশানবাড়ীয়া ইউনিয়নের সওদাগরপাড়া গ্রামের কৃষক আবদুল আলী গাজী জানান, তাঁর হালের আটটি গরুর সব কটিই খুরারোগে আক্রান্ত হয়েছে। তিনি বলেন, ‘পেরতেক বছর আট কানি জমিতে আমন ধান আবাদ করি। এবারও চাষ দেওনের লইগ্গা জমি যহন ঠিকঠাক করছি তহনই সবগুলা গরুর খুরারোগ অইছে। এহন মৌসুমের সময় যদি জমির বীজতলা বানাইতে না পারি তাইলে জাগা রুমু (জমি রোপণ) কি দিয়া। এহন কি যে হরমু কইতে পারি না।’ তালতলীর সোনাকাটা ইউনিয়নের কৃষক জলিল, ছালাম ও রফেজ উদ্দিন, বড়বগী ইউনিয়নের চাঁন মিয়া ও আলতাফ হোসেন আকন জানান, চাষাবাদ মৌসুমে খুরারোগ হওয়ায় এবার আমন ধানের বীজতলা করতে পারেননি। এখন বীজতলা করতে না পারলে জমি অনাবাদি পড়ে থাকবে। তালতলী থানা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, তালতলী থানার সর্বত্র খুরারোগ দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এলাকার প্রায় ৮৫ ভাগ গরুই বর্তমানে খুরারোগে আক্রান্ত। আমরা সাধ্যমতো চিকিৎসা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।