তালপট্টি কোথায় আছে খুঁজে বের করুক: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্রে তালপট্টি দ্বীপের কোনো অস্বিত্ব নেই। এ নিয়ে কথা বলে সরকারের অর্জনকে খাটো করার চেষ্টা হচ্ছে। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দানকালে এ কথা বলেন। খবর বাসসের।
বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকলেও এ নিয়ে তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেনি অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির এক নেতা বলেছেন আমরা তালপট্টি পাইনি। তাঁকে উচিত বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া। তালপট্টি কোথায় আছে খুঁজে বের করুক।’ তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে যদি জয়ী না হতাম তাহলে ভারতের কাছ থেকে সমুদ্রসীমা আনতে পারতাম কি না সন্দেহ। কারণ অতীতে কোনো সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি।
ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্র বিজয়কে সরকারের বিরাট সাফল্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই বিজয়ের ফলে অর্জিত সম্পদ যথাযথ কাজে লাগানো হবে।
দ্য হেগ-এর সালিসি ট্রাইব্যুনাল ৭ জুলাই বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং ২০০ নটিক্যাল মাইলের বাইরে মহীসোপান অঞ্চলে বাংলাদেশের নিরঙ্কুশ ও সার্বভৌম অধিকার সুনিশ্চিত করে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় ঘোষণা করেন। রায়ের ফলে বাংলাদেশ বঙ্গোপসাগরের বিতর্কিত জলসীমানায় ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার এলাকার মধ্যে ১৯ হাজার ৬৬৭ বর্গকিলোমিটার এলাকা পেয়েছে।
শেখ হাসিনা দেশকে দ্রুত এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীকেও সমান অবদান রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘নারীরা জাতীয় উৎপাদনে সমানভাবে এগিয়ে এলে আমরা সমৃদ্ধ জাতিতে পরিণত হতে পারব।’ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে উল্লেখ করে তিনি নারীদের আরও উদ্যোমী হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘নারী ও শিশুর উন্নয়নের মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি নিশ্চিত করা সম্ভব। তাই আমরা নারী ও শিশুর উন্নয়নে সর্বাত্মক কর্মসূচি বাস্তবায়ন করছি। শহরের পাশাপাশি গ্রামের নারীদের উন্নয়নেও কাজ করছি।’
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সংসদ নেতা, স্পিকার, সংসদ উপনেতা ও বিরোধীদলীয় নেতা চারজনই নারী। বিশ্বে এর দ্বিতীয় নজির নেই। ২০ জন নির্বাচিত সাংসদসহ ৭০ জন নারী সাংসদ আছেন। ২০ শতাংশ নারী সাংসদ বিশ্বের খুব কম দেশেই আছে।
গাজপ্রমের সিইওর সাক্ষাৎ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন গ্যাসক্ষেত্রের সন্ধানে বাংলাদেশে আরও ভূতাত্ত্বিক জরিপ চালাতে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানি গাজপ্রমের প্রতি আহ্বান জানিয়েছেন। গাজপ্রম ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভ্যালেরি গুলেভের নেতৃত্বে কোম্পানির একটি প্রতিনিধিদল গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।
গাজপ্রমের সিইও প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে তাঁর কোম্পানি বাংলাদেশে গ্যাসের উৎপাদন ২০ শতাংশ বৃদ্ধি করার পাশাপাশি ১০টি গ্যাসক্ষেত্র উন্নয়নে বাপেক্সকে সহায়তা দিচ্ছে। তিনি বলেন, এ ছাড়া গাজপ্রম বাপেক্সের সঙ্গে এ দেশে আরও দুটি গ্যাসক্ষেত্রের উন্নয়ন করবে।